ভোলায় প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্যমন্ত্রী

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম

ভোলায় কোনো ধরনের প্রতিহিংসার রাজনীতি করা হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ভোলায় পৌঁছে শহরের নতুন বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, ভোলার জন্য বরাদ্দ করা সব উন্নয়নকাজ শতভাগ স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হবে। জিআর ও টিআরের কাজ স্থানীয়ভাবে জনগণ বুঝে নেবেন।

ভোলা-বরিশাল সেতু নির্মাণ ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি উল্লেখ করে তিনি বলেন, সেতুটি বাস্তবায়নে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। ভোলার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে সড়কপথে বরিশালের লাহারহাট হয়ে নৌপথে ভোলার খেয়াঘাটে পৌঁছালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিএনপি ও বিজেপির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

তিন দিনের সরকারি সফরে মন্ত্রী আগামী দুই দিন ভোলায় অবস্থান করবেন। এ সময় তিনি বিভিন্ন সরকারি অনুষ্ঠান ও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।

এমসিএইচ
আরও পড়ুন