চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন নাকচ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের সময়ে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানার পৃথক দুই মামলায় চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকের আগাম জামিন আবেদন নাকচ করেছেন হাইকোর্ট। তার আবেদন ফেরত দিয়ে আদালতের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর) সশরীরে আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন রিয়াজ। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ শুনানি শেষে তার আবেদন নামঞ্জুর করেন।

আদালতে রিয়াজের আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুরুল আলম সুজন।

জামিন শুনানির সময় রিয়াজ আদালতে উপস্থিত ছিলেন তথ্য দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনজুরুল আলম সুজন বলেন, যাত্রাবাড়ী ও শাহবাগ থানার পৃথক দুই মামলায় রিয়াজের দুটি আগাম জামিন আবেদন ছিল। আদালত জামিন দেননি, আবেদন দুটি ফেরত দিয়ে কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।

সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলাটির এজাহারে রিয়াজকে আসামি করা হয়েছে। ২০২৫ সালের ২ মে মামলাটি করা হয়। এর আগে ৩০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২০১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রিয়াজসহ ১৪ জন অভিনয়শিল্পী, ১৫ জন সাংবাদিক ও ১৩ জন শিক্ষক রয়েছেন।

জেএম
আরও পড়ুন