ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় উত্তর খোরাসান প্রদেশে বাধ্যতামূলক হিজাব আইন মানা হচ্ছে কি না, তা নজরদারির জন্য স্থানীয় পর্যায়ের বিশেষ দলগুলো পুনরায় সক্রিয় ও পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর উত্তর খোরাসান প্রদেশের কমান্ডার হোসেইন আকবারি জানিয়েছেন, জনসমক্ষে হিজাববিধি মেনে চলা পর্যবেক্ষণ এবং নিয়ম না মানলে মৌখিকভাবে সতর্ক করার কাজে আগে সক্রিয় থাকা দলগুলো নতুন কাঠামো ও পদ্ধতিতে আবার মাঠে নামবে।
আকবারির ভাষ্য অনুযায়ী, সৎকাজে উৎসাহ ও অসৎকাজ প্রতিরোধ সদর দপ্তর স্থানীয় পর্যায়ের বিভিন্ন বাহিনীর সক্ষমতা কাজে লাগিয়ে এসব দল পুনরুজ্জীবিত ও পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, নতুন উদ্যোগের মূল লক্ষ্য ইসলামি মূল্যবোধ, শালীনতা ও হিজাব পালনে উৎসাহ দেওয়া। একই সঙ্গে প্রদেশের বিভিন্ন শহরে বিলবোর্ড ও অন্যান্য বিজ্ঞাপন কাঠামোর মাধ্যমে হিজাব ও ইসলামি মূল্যবোধসংক্রান্ত প্রচারও বাড়ানো হবে।
ইরানে বাধ্যতামূলক হিজাব আইন নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক সামাজিক ও রাজনৈতিক বিতর্ক রয়েছে। বিশেষ করে ২০২২ সালের পর দেশজুড়ে অনেক নারী প্রকাশ্যে হিজাব না পরার মাধ্যমে নিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এর পরও দেশটির কট্টরপন্থী মহল বাধ্যতামূলক হিজাব বাস্তবায়নে নতুন করে চাপ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উত্তর খোরাসানে নতুন করে নজরদারি দল সক্রিয় করার ঘোষণা সেই বৃহত্তর প্রচেষ্টারই অংশ বলে মনে করা হচ্ছে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
অস্তিত্ব রক্ষার যুদ্ধে লড়ছে ইরান: কাশকাভি
সামরিক পরাজয়ের ক্ষতি পুষিয়ে নিতেই অর্থনৈতিক চাপ: আবদোল্লাহি
ইরানের হামলায় পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ