খুলনার নিরালা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুস্তাকিন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে এই ঘটনা ঘটে।
নিহত মুস্তাকিন নগরীর সোনাডাঙ্গা আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে আলকাতরা মিলের পাশে তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে দাঁড়িয়ে মোবাইল ফোন ব্যবহার করছিলেন মুস্তাকিন। এ সময় দুটি মোটরসাইকেলে করে চার যুবক সেখানে এসে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা মুস্তাকিনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করছিলেন মুস্তাকিন। এ সময় দুর্বৃত্তরা তার পিঠ ও কোমরে ছুরি দিয়ে আঘাত করে। এতে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তদন্ত চলছে।
একসঙ্গে ১০ জাহাজে হামলা, ইরানের সমুদ্রযুদ্ধের নতুন কৌশল
ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য নিহত