১১০০ টন বিস্ফোরক ব্যবহারে লেবাননে ৪.১ মাত্রার ভূমিকম্প

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম

লেবাননের নাবাতিয়েহ এলাকায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিস্ফোরণে ৪.১ মাত্রার ভূমিকম্প সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। গত ১০ সেপ্টেম্বর আলি তাহের পর্বতশ্রেণিতে ধারাবাহিক বিস্ফোরণের পর এই কম্পন রেকর্ড করা হয়।

ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহর ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধ্বংস করতে ওই এলাকায় এক হাজার ১০০ টনের বেশি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে এর অভিঘাত আশপাশের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয় এবং ভূগর্ভে সৃষ্ট কম্পনও বিভিন্ন স্থানে রেকর্ড করা হয়।

এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, ওই এলাকায় ইসরায়েলি বাহিনীর অবস্থান ও দখল অব্যাহত থাকবে।

এদিকে, লেবানন ও ইসরায়েলের মধ্যে আগামী সপ্তাহে নতুন করে দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার কথা রয়েছে। এমন আলোচনার প্রস্তুতির মধ্যেই নাবাতিয়েহ এলাকায় ইসরায়েলের এই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হলো।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ২ মার্চ থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় অন্তত ৪ হাজার ৩৮৩ জন নিহত এবং ১২ হাজার ৪০৬ জন আহত হয়েছেন।

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত