নাটোরের লালপুরে গ্রামীণফোন টাওয়ার থেকে চুরি হওয়া তামার তার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক মো. রবিন হোসেন (২২) উপজেলার আঙ্গারীপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মজনু আলী।
পুলিশ জানায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আঙ্গারীপাড়া মৌজায় অভিযান চালানো হয়। সেখানে মো. মাহাবুব আলমের লিজ নেওয়া জমিতে স্থাপিত গ্রামীণফোন টাওয়ারের আশপাশে তল্লাশি চালিয়ে চোরাই তামার তারসহ রবিন হোসেনকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, একটি চোর চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন টেলিযোগাযোগ টাওয়ার থেকে মূল্যবান তামার তার চুরি করে আসছিল। আটক রবিন ওই চক্রের সক্রিয় সদস্য বলে ধারণা করছে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
লালপুর থানা পুলিশ জানায়, উদ্ধার করা তামার তারগুলো গ্রামীণফোন টাওয়ার থেকে চুরি করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘গ্রামীণফোন টাওয়ারের চোরাই তামার তার উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় মামলা করা হয়েছে। তাঁকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘টাওয়ারসহ সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে চুরি প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
জামায়াতের কারণে আওয়ামীলীগ মিছিল করার সাহস পাচ্ছে : রাশেদ খাঁন
হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু