লা লিগায় রিয়াল বেতিসের কাছে হারের তিক্ততা ভুলে ঘরের মাঠে শক্তিশালী প্রত্যাবর্তন করল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে রায়ো ভায়েকানোকে ৪-১ গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে কার্লো আনচেলত্তির দল। এই জয়ে লিগ টেবিলে শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছাকাছি পৌঁছে গেল লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পশরা সাজায় স্বাগতিকরা। ১৪ মিনিটে ডি-বক্সে আলভারো কারেরাস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। ঠাণ্ডা মাথায় স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।
এর মাত্র তিন মিনিট পর এমবাপ্পের চমৎকার পাস থেকে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ লেফট-ব্যাক কারেরাস। ৩৫ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের নিখুঁত কাট-ব্যাক থেকে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে সার্জিও কামেলো একটি গোল পরিশোধ করে রায়ো ভায়েকানোকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। তবে ম্যাচের বাকি সময় পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে স্বাগতিক মাদ্রিদ।
নির্ধারিত সময় শেষে যোগ করা প্রথম মিনিটে আরদা গুলেরের বাড়ানো পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন এমবাপ্পে। চলতি লিগে এটি ফরাসি ফরোয়ার্ডের ষষ্ঠ গোল। ম্যাচজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন বেলিংহাম।
ব্রিকস সম্মেলনে কাপড়ে ঢাকা হলো দিল্লির বস্তি