ইসরায়েলি কারাগারে ৩৭ ফিলিস্তিনি সাংবাদিক

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ এএম

ইসরায়েলের কারাগারে বর্তমানে ৩৭ জন ফিলিস্তিনি সাংবাদিক আটক রয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি (PPS)।

সংগঠনটির দাবি, তাদের মধ্যে ১৯ জনকে কোনো অভিযোগ বা বিচার ছাড়াই প্রশাসনিক আটকাদেশের অধীনে রাখা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর এসব সাংবাদিককে আটক করা হয়। সাংবাদিকতার কাজ ও মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে সংশ্লিষ্ট কারণে তাদের গ্রেপ্তার, কারাদণ্ড, একাকী বন্দিত্ব এবং আইনি মামলার মুখোমুখি করা হচ্ছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি।

সাম্প্রতিক আটক সাংবাদিকদের মধ্যে রয়েছেন মুআথ আম্মারনা ও সাবরি জিবরিন। গত বৃহস্পতিবার পশ্চিম তীরের বেথলেহেমে তাদের বাড়িতে অভিযান চালিয়ে ইসরায়েলি বাহিনী তাদের আটক করে বলে জানিয়েছে PPS। সংগঠনটির ভাষ্য, আম্মারনাকে তার সাংবাদিকতার কারণে এর আগে একাধিকবার আটক করা হয়েছিল এবং এবার তিনি তৃতীয়বারের মতো আটক হয়েছেন।

এ ছাড়া সাংবাদিক ও লেখক মাহমুদ ফাতাফতাকে ৪৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। ইসরায়েলি কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ‘উসকানি’ দেওয়ার অভিযোগ এনেছে। PPS বলছে, সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগের ব্যবহার বাড়ছে।

সংগঠনটির তথ্য অনুযায়ী, প্রশাসনিক আটকাদেশের অধীনে থাকা ১৯ সাংবাদিকই অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের বাসিন্দা। এই সংখ্যা ইসরায়েলের কারাগারে আটক মোট ফিলিস্তিনি সাংবাদিকের ৫১ শতাংশ।

আন্তর্জাতিক সাংবাদিক অধিকার সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (CPJ)-এর তথ্যেও ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে ফিলিস্তিনি সাংবাদিকদের ব্যাপক আটকের বিষয়টি উঠে এসেছে। CPJ জানিয়েছে, ২০২৬ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত ইসরায়েল, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও জেরুজালেমে যুদ্ধ শুরুর পর সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ১১৬টি আটকের ঘটনা তারা নথিবদ্ধ করেছে; এর মধ্যে ৩৭ জন তখনও আটক ছিলেন।

ইসরায়েল অবশ্য সাংবাদিকদের শুধু সাংবাদিকতার কারণে আটক করার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির সামরিক বাহিনীর বক্তব্য, তারা সাংবাদিক পরিচয়ের কারণে নয়, বরং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে।

ওয়াইএ
আরও পড়ুন