বইমেলা উদ্বোধনে শিক্ষার মান নিয়ে সংস্কৃতিমন্ত্রীর উদ্বেগ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ এএম

অতীতের শিথিল মূল্যায়ন পদ্ধতির কারণে দেশে ডিগ্রিধারী বেকারের সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি জানান, আগে উত্তরপত্রে কিছু না লিখেও সিংহভাগ শিক্ষার্থী পাস করে যেত। এর ফলে প্রাতিষ্ঠানিক সনদ থাকলেও তরুণদের বাস্তব জ্ঞান ও দক্ষতায় বড় ধরনের ঘাটতি থেকে যাচ্ছে।

রাজশাহী নগরীর কালেক্টরেট মাঠে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার গুণগত মান ও তরুণদের কর্মসংস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, সঠিক শিক্ষা ও দক্ষতার অভাবেই দেশে বেকারত্ব আশঙ্কাজনকভাবে বাড়ছে।

একই সাথে তিনি সতর্ক করে বলেন, তরুণদের এই বেকারত্ব ও হতাশাকে পুঁজি করেই দেশজুড়ে মাদকের ভয়াবহ বিস্তার ঘটছে।

শিক্ষাব্যবস্থার আমূল সংস্কারে সরকারের প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি জানান, জাতীয় বাজেটের প্রায় চারভাগের একভাগ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মেধাবী শিক্ষক নিয়োগ ও তাদের বেতন-ভাতা বৃদ্ধির বিশেষ পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তরুণদের যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ার লক্ষ্যে গ্রাম ও শহরের শিশুদের বই পড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন এবং রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী কালেক্টরেট মাঠে শুরু হওয়া এই বইমেলা চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

এইচএন
আরও পড়ুন