দক্ষিণ লেবাননের কৌশলগত আলী তাহের পাহাড়ে হিজবুল্লাহ বা অন্য কোনো পক্ষ ফিরে আসার চেষ্টা করলে তাদের ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। পাহাড়টির নিচে হিজবুল্লাহর ভূগর্ভস্থ অবকাঠামো ধ্বংস করার কয়েক দিন পর এ সতর্কবার্তা দিলেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে কাৎজ বলেন, আলী তাহের পাহাড় নিয়ন্ত্রণে রাখতে এবং সেখানে হিজবুল্লাহ কিংবা অন্য কোনো পক্ষের ফিরে এসে অবস্থান গড়ার যেকোনো প্রচেষ্টা ঠেকাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কার্যকর প্রস্তুতি নিচ্ছে। পাহাড়টি দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখল করা বাফার অঞ্চলের অংশ বলেও দাবি করেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার আলী তাহের পাহাড় থেকে ইসরায়েলি সেনারা সরে যায়। এরপর পাহাড়টির নিচে থাকা ভূগর্ভস্থ স্থাপনাটি বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ওই স্থাপনাটি হিজবুল্লাহর ভূগর্ভস্থ অবকাঠামোর অংশ ছিল।
স্থাপনাটি ধ্বংসের পর ওই এলাকায় নিজেদের মোতায়েনের ধরন পরিবর্তন করা হবে বলে জানায় ইসরায়েলি বাহিনী। তবে সেনা উপস্থিতি কমলেও নজরদারি ও গোলাবর্ষণের সক্ষমতার মাধ্যমে পাহাড়টির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার কথা জানিয়েছে তারা।
কাৎজ আরও বলেন, লেবাননজুড়ে হিজবুল্লাহকে নিরস্ত্র না করা পর্যন্ত দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী সরে যাবে না কিংবা তাদের মোতায়েনের অবস্থান পরিবর্তন করবে না। ফলে আলী তাহের পাহাড়কে ঘিরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র: আরব নিউজ
ইসরায়েলি কারাগারে ৩৭ ফিলিস্তিনি সাংবাদিক
গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ১৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার
ইয়েমেনের পশ্চিম উপকূলে স্বাস্থ্যসেবায় বিপর্যয়