ইয়েমেন সংঘাতে সাত দিনে নিহত ৫০৪, আহত ২,৩৭৯

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

ইয়েমেনে বিভিন্ন ফ্রন্টে কয়েক দিনের তীব্র লড়াইয়ে প্রায় তিন হাজার মানুষ হতাহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ৬ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে সংঘাতের ঘটনায় ৫০৪ জন নিহত এবং ২ হাজার ৩৭৯ জন আহত হয়েছেন। সব মিলিয়ে হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৩ জনে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতের কারণে ইয়েমেনের একাধিক প্রদেশে নতুন করে বাস্তুচ্যুতির ঘটনাও ঘটেছে। শুক্রবার পর্যন্ত তাইজ, মারিব, আল-জাওফ, লাহজ, হোদেইদা, আবিয়ান ও শাবওয়াসহ বিভিন্ন প্রদেশে অন্তত ৭৭ হাজার ৭৮৯ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

হতাহতের দিক থেকে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা গেছে মারিব প্রদেশে। ৯ সেপ্টেম্বর এক দিনেই সেখানে ৪৬৯ জন নিহত বা আহত হন। পরদিন আরও ১৭৭ জন এবং গত শুক্রবার ২১৯ জন হতাহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনে ওই সাত দিনে মোট হতাহতের ৪৯ শতাংশই ঘটেছে মারিবে। অন্যদিকে তাইজ এবং দেশটির পশ্চিম উপকূলবর্তী এলাকাগুলোতে হয়েছে মোট হতাহতের ৪৩ শতাংশ। ফলে এসব অঞ্চলে চলমান সংঘাত সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তার ওপর বড় ধরনের প্রভাব ফেলছে। সূত্র: আলজাজিরা

এএস
আরও পড়ুন