দোকানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব

জাবিতে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৯

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দোকানের মালিকানা নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই হলের অন্তত ৯ জন শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল উদ্বোধন হয়। এরপর সেই এলাকায় তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মীরা হল প্রশাসনের সঙ্গে যোগসাজশে ১৫টি দোকান বরাদ্দ দেন। তখন অভিযোগ ওঠে প্রতি দোকান বরাদ্দে এক থেকে দুই লাখ টাকা পর্যন্ত নেওয়ো হয়। এরপর ২০২৪ সালে ওই এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল উদ্বোধন হয়। এই হলের সামনে রবীন্দ্রনাথ ঠাকুর হলের মালিকানায় আগে থেকে বরাদ্দকৃত কয়েকটি দোকান রয়েছে। এসব দোকানের মধ্যে কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা চারটি দোকানের মালিকানা দাবি করেন। বিষয়টি নিয়ে বিগত কয়েক দিন ধরে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে রেষারেষি চলছিল। এর মধ্যে সোমবার সংঘর্ষে জাড়ান তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাতে কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা পরিকল্পনা করেন তাদের হলের সামনের চারটি দোকানে তারা তালা ঝুলিয়ে দেবেন। এমন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে রবীন্দ্রনাথ ঠাকুর হলের কয়েকজন শিক্ষার্থী রবীন্দ্র চত্বরে অবস্থান নেন। এ সময় কাজী নজরুল ইসলাম হলের একদল শিক্ষার্থী এলে তাদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে দুই হলের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাকির হোসেন বলেন, আহত শিক্ষার্থীদের অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। দুই হলের শিক্ষার্থীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় বসা হবে।

জেএম
আরও পড়ুন