নড়াইল সদর উপজেলায় স্থানীয় জামায়াত নেতা হাসিবুর মোল্যার অবৈধ কয়লা তৈরির ভাটায় অভিযান চালিয়ে আটটি চুল্লি ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বিছালী ইউনিয়নের আটঘরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চুল্লিগুলো ধ্বংসের নির্দেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রুবেল শেখ।
পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা যায়, আটঘরা এলাকার একটি বাগানের মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করছিলেন বিছালী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি হাসিবুর মোল্যা। পরিবেশ ও জনজীবনের জন্য ক্ষতিকর ওই অবৈধ ভাটার সন্ধান পেয়ে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে কয়লা ভাটার আটটি চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা জ্বলন্ত চুল্লির আগুন নেভান। অভিযানের খবর পেয়ে ভাটায় কর্মরত শ্রমিক ও মালিক পালিয়ে যান। ভাটায় ব্যবহৃত কাঠ ও একটি ট্রলি জব্দ করে জেলা প্রশাসন।
অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়াসহ জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর ওই এলাকায় অবৈধ কয়লা ভাটার সংবাদ সংগ্রহে যান সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান ও স্থানীয় সংবাদকর্মী রাসেল হুসাইন। অভিযোগ রয়েছে, সংবাদ সংগ্রহ শেষে খবর প্রচার না করতে অর্থ দিয়ে তাদের ম্যানেজের চেষ্টা করেন ভাটার মালিক ও বিছালী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি হাসিবুর মোল্যা।

সাংবাদিকেরা টাকা নিতে অস্বীকৃতি জানালে ওই জামায়াত নেতা ও তার অনুসারীরা তাদের লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়। ঘটনার দুই দিন পর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ভাটাটির চুল্লিগুলো ধ্বংস করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ বলেন, কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা সম্পূর্ণ অবৈধ। স্থানীয় জনগণ ও বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। কয়লা ভাটা থেকে নির্গত কালো ধোঁয়া পরিবেশ ও মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।
তিনি বলেন, অবৈধ ভাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভাটায় কর্মরত ব্যক্তিরা পালিয়ে যান। চুল্লিগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে এবং কাঠ ও একটি ট্রলি জব্দ করা হয়েছে। অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কিশোরগঞ্জে হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা
কোম্পানীগঞ্জে শাহিন হত্যা মামলায় দুজনের সাজা, খালাস ৪
মঙ্গলবার ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ঘোষনা