টঙ্গীতে বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির মামলায় ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি রাতুল সিকদার অমি (২২) ও তাঁর সহযোগী রাজু শেখকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে টঙ্গীর সাতাইশ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। টঙ্গী পশ্চিম থানার পুলিশ এ অভিযান চালায়।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, কয়েক মাস আগে সড়কের একটি কাজকে কেন্দ্র করে এক ঠিকাদারের কাছে মুঠোফোনে চাঁদা দাবি করার অভিযোগ ওঠে রাতুল সিকদার অমির বিরুদ্ধে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে টঙ্গী পশ্চিম থানায় চাঁদাবাজির মামলা করা হয়। মামলার তদন্তের ভিত্তিতে অমি ও রাজু শেখকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার রাতুল সিকদার অমি সাতাইশ এলাকার রেজা সিকদারের ছেলে। তিনি ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন। অপর গ্রেপ্তার রাজু শেখ একই এলাকার খরতৈল গ্রামের মৃত শহিদ শেখের ছেলে।

পুলিশের জানায়, চাঁদা দাবির পাশাপাশি তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগও রয়েছে অমির বিরুদ্ধে। এসব অভিযোগ প্রকাশ্যে আসার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের করা চাঁদাবাজির মামলায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এম.সি.এইচ
আরও পড়ুন