আরামকো স্থাপনায় হুথিদের কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইয়ানবুতে আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে হুথি। সৌদি বাহিনীর চালানো বিমান হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

হুথির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বুধবার (১৬ সেপ্টেম্বর) জানান, ইয়ানবুতে আরামকোর স্থাপনাগুলো লক্ষ্য করে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। তার দাবি, এসব হামলায় নির্ধারিত লক্ষ্যবস্তুতে সরাসরি ও নির্ভুলভাবে আঘাত হানা হয়েছে।

সারি আরও দাবি করেন, হামলার ফলে আরামকোর স্থাপনাগুলোতে ব্যাপক অগ্নিকাণ্ড এবং বড় ধরনের ধ্বংসযজ্ঞ হয়েছে। তবে হুথিদের এই দাবি এবং ক্ষয়ক্ষতির মাত্রা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

হুথি মুখপাত্রের ভাষ্য, চলতি সপ্তাহে সৌদি আরব ইয়েমেনে ৪৫০টির বেশি বিমান হামলা চালিয়েছে। এসব হামলার জবাবেই ইয়ানবুর আরামকো স্থাপনায় পাল্টা অভিযান চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

সারি বলেন, সৌদি ভূখণ্ডের গভীরে হুথিদের অভিযান অব্যাহত থাকবে। সৌদি সেনাদের সমাবেশের স্থানগুলোও হামলার লক্ষ্য হবে বলে জানান তিনি। আগ্রাসন বন্ধ এবং ইয়েমেনের ওপর থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত অবরোধের জবাবে অবরোধ এবং উত্তেজনার জবাবে উত্তেজনা নীতি অব্যাহত রাখার হুঁশিয়ারিও দেন তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন