দৃষ্টিশক্তি ছাড়াই দুর্গম হিমালয়ের পথ পাড়ি দিয়ে নতুন ইতিহাস গড়েছেন সৌদি আরবের নাগরিক রাশাদ নাকিব। দেশটির প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি হিসেবে তিনি নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছেছেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত এই বেজক্যাম্পে পৌঁছাতে তাঁকে টানা ৯ দিন কঠিন পথ পাড়ি দিতে হয়েছে।
সৌদি অভিযাত্রী ও পর্বতারোহী বদর আল-শাইবানির নেতৃত্বে এ অভিযানে অংশ নেন নাকিব। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম দ্য সিয়াসাত ডেইলি এ তথ্য জানায়।
এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছানোর পথটি ছিল অত্যন্ত দুর্গম। পাথুরে পাহাড়ি পথ, বরফে ঢাকা এলাকা এবং খাড়া ঢাল অতিক্রম করতে নাকিবের ভরসা ছিল ট্রেকিং পোল, স্পর্শানুভূতি ও সহযাত্রীদের মৌখিক নির্দেশনা। এভারেস্টের চূড়ায় আরোহণের অভিজ্ঞতাসম্পন্ন বদর আল-শাইবানি পেশাদার গাইডদের সহযোগিতায় অভিযানের নেতৃত্ব দেন।
আল-শাইবানি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অভিযানের অভিজ্ঞতা তুলে ধরে জানান, পথের ধরন পরিবর্তন হলে কিংবা সামনে খাড়া কোনো ধাপ থাকলে তিনি নাকিবকে আগেই সতর্ক করতেন। নাকিব তাঁর কণ্ঠস্বর ও পাথরের ওপর বুটের শব্দ অনুসরণ করে এগিয়ে যেতেন। পাশাপাশি লাঠি ও পায়ের স্পর্শের মাধ্যমে পথের অবস্থা বোঝার চেষ্টা করতেন।
এই অভিযানে অংশ নিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে বলে জানান আল-শাইবানি। তাঁর ভাষায়, ‘আমি আগেও এভারেস্টের চূড়ায় দাঁড়িয়েছি; কিন্তু রাশাদের সঙ্গে সেখানে দাঁড়ানোর অনুভূতি ছিল আলাদা। এটি আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছে।’
নাকিবের শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও অটল সংকল্পের প্রশংসা করেন তিনি। তাঁর মতে, শারীরিক প্রতিবন্ধকতা থাকা ব্যক্তিদেরও যেন কঠিন ও রোমাঞ্চকর অভিযানে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়, সেই বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই অভিযানের অন্যতম উদ্দেশ্য।
অভিযান শেষে নিজের অভিজ্ঞতাকে অবিস্মরণীয় বলে বর্ণনা করেছেন রাশাদ নাকিব। তিনি জানান, বিপজ্জনক পথ ও উচ্চতাজনিত প্রতিকূলতার মধ্যেও পথপ্রদর্শকদের প্রতি আস্থা তাঁকে প্রতিটি পদক্ষেপে মনোযোগ ধরে রাখতে সাহায্য করেছে। তাঁর আশা, এই অর্জন তরুণদের স্বপ্ন পূরণে উৎসাহিত করবে এবং সব ধরনের প্রতিবন্ধকতা অতিক্রম করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।
অভিযানটির অভিজ্ঞতা ও মানবিক দিক নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ চলছে। ২০২৭ সালে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
দৃষ্টিপ্রতিবন্ধীদের এভারেস্ট অভিযানের ইতিহাস
দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এভারেস্ট জয় ও বেজক্যাম্পে পৌঁছানোর ঘটনা অবশ্য নতুন নয়। ভারতের ছোনজিন আংমো বিশ্বের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী নারী হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠার কৃতিত্ব অর্জন করেন।
এ ছাড়া চীনের ঝাং হং ২০২১ সালে প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী এশীয় হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। এর আগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের এরিক ভাইহেনমায়ার এবং ২০১৭ সালে অস্ট্রিয়ার অ্যান্ডি হোলজার দৃষ্টিপ্রতিবন্ধী হিসেবে এভারেস্ট জয় করেন।
এদিকে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা দ্য ওপেনওয়ার্ক ফাউন্ডেশন ২০২৭ সালের নভেম্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ট্রেকারদের নিয়ে এভারেস্ট বেজক্যাম্পে বিশেষ অভিযান আয়োজনের পরিকল্পনা করছে।
অ্যামাজন থেকে বেরিয়ে এলো বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী, বাড়ছে উদ্বেগ