ফরিদপুরের সদরপুরে সাপ ধরতে গিয়ে কালাচ সাপের দংশনে আলমগীর (৪২) নামে এক ব্যক্তি মারা গেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার আকোটেরচর ইউনিয়নের শয়তানখালী ঘাটের চরে এ ঘটনা ঘটে। স্থানীয়ভাবে ওঝা হিসেবে পরিচিত ছত্তর ওঝার ছেলে আলমগীরের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শয়তানখালী ঘাটের চরে সাপের উপস্থিতির খবর পেয়ে শুক্রবার সকালে সেটি ধরতে যান আলমগীর। এ সময় একটি কালাচ সাপ তাকে দংশন করে। কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
দংশনের পর স্বজনরা আলমগীরকে প্রথমে তার বাবা ছত্তর ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসার চেষ্টা করা হয় বলে স্থানীয়রা জানান। পরে আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত চরভদ্রাসন হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে ফরিদপুরে নেওয়ার পথে আলমগীরের মৃত্যু হয়।
এদিকে, অসুস্থ অবস্থায় আলমগীরকে হাসপাতালে নেওয়ার সময় ধারণ করা একটি ভিডিও মৃত্যুর কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সাপ ধরায় পারদর্শী স্থানীয় বাসিন্দা আরিফ বলেন, সাপের দংশনের পর ঝাড়ফুঁকের মাধ্যমে বিষ নামানোর চেষ্টা না করে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি। সাপের কামড় হলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
স্থানীয় বাসিন্দা জমির খান বলেন, আলমগীরের বাবা এলাকায় ওঝা হিসেবে পরিচিত। ছেলেকে সাপের দংশনের পরও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, আলমগীরের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। খবর পেয়ে স্বজন ও স্থানীয় লোকজন হাসপাতালে ভিড় করছেন।
সড়ক পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নিহত
শত বছরের ঐতিহ্যে বেলুয়া নদীর ভাসমান হাট
ফুলবাড়ীতে পাটের বাম্পার ফলনে খুশি কৃষকরা