বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগ উঠেছে সিনিয়রদের বিরুদ্ধে। এ সময় মো. শরিফুল ইসলাম নামে এক নবীন শিক্ষার্থী অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন বলে অভিযোগ রয়েছে। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।
শরিফুল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১৫তম ব্যাচের শিক্ষার্থী। বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিভাগের কয়েকজন শিক্ষার্থী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পাশে শশী ছাত্রীনিবাসসংলগ্ন সড়ক হয়ে নদীর পাড়ের বালুর মাঠ এলাকায় ১৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ডেকে নেন ১৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী। সেখানে যেতে কয়েকজনের দেরি হলে তাঁদের দ্রুত উপস্থিত হওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ।
শিক্ষার্থীরা আরো জানায়, রাত ৯টার দিকে নবীনরা সেখানে পৌঁছানোর পর প্রায় রাত ১২টা পর্যন্ত তাদের সঙ্গে র্যাগিং করা হয়। এ সময় গালিগালাজ, মানসিকভাবে হয়রানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ ওঠে। একপর্যায়ে শরিফুল অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন বলে দাবি তাঁদের।
ভুক্তভোগীদের অভিযোগ, ওই ঘটনায় ১৪তম ব্যাচের অন্তত ১০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাঁরা নূর মোহাম্মদ পরশ, অনিক, নাজ, শ্রাবণ, অনুপম, লিমন, জয়, রিয়াদ, প্রীতম ও রাফির নাম উল্লেখ করেছেন।
তবে র্যাগিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন ১৪তম ব্যাচের সিআর নূর মোহাম্মদ পরশ। তার দাবি, শরিফুল আগে থেকেই অসুস্থ ছিলেন। পরে তারা তাকে হাসপাতালে ভর্তি করেন।
মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল উদ্দিন বলেন, র্যাগিংয়ের কোনো ঘটনা ঘটেনি। ওই শিক্ষার্থীর পেটের সমস্যা ছিল। তবে লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ বলেন, র্যাগিংয়ের ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না। অভিযোগের তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রশাসন কী ব্যবস্থা নেয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।
সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রেম করে বিয়ের এক মাস পর দম্পতির বিষপান, স্বামীর মৃত্যু
খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত