রাজধানীর মালিবাগে শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণের পর এবার মহাখালী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকা ও মহাখালীতে পৃথক এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। প্রায় একই সময় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকায় সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার জুমার পর মালিবাগের ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। ওই ঘটনায়ও তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওইদিন প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় পরপর দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনার পর ঢাবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
এ ছাড়াও ওইদিন দুপুরে চলন্ত মোটরসাইকেল থেকে সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ওইদিন জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গেটের সামনে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
ববিতে র্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী হাসপাতালে