রিয়াদ ও আল-খারজে ফের বিপদসংকেত জারি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ এএম

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও আল-খারজ এলাকায় দ্বিতীয় দফায় বিপদসংকেত জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে এসব সতর্কবার্তা দেওয়া হয়।

সৌদি সিভিল ডিফেন্স পৃথক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে রিয়াদ ও আল-খারজের বাসিন্দাদের সরকারি নির্দেশনা অনুসরণ এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

এর আগে রাতেই দুই এলাকায় সতর্কতা জারি করা হয়েছিলো। পরে কর্তৃপক্ষ জানায়, বিপদের পরিস্থিতি কেটে গেছে এবং সতর্কতা প্রত্যাহার করা হয়। এরপর আবারও নতুন করে সতর্কবার্তা জারি করা হয়।

সিভিল ডিফেন্সের নির্দেশনায় বাসিন্দাদের খোলা জায়গা, কাচের জানালা, বারান্দা ও ছাদ থেকে দূরে থাকতে বলা হয়েছে। বাইরে থাকা ব্যক্তিদের নিকটবর্তী নিরাপদ ভবনে আশ্রয় নিতে অথবা শক্ত কোনো আড়ালের পেছনে অবস্থান নিতে বলা হয়েছে। একই সঙ্গে জনসমাগম, ঘটনাস্থলে ছবি বা ভিডিও ধারণ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় যাওয়া এড়িয়ে চলতে নির্দেশ দেওয়া হয়েছে।

রিয়াদ ও আল-খারজ ছাড়াও শুক্রবার রাতে সৌদি আরবের আরও কয়েকটি শহর ও গভর্নরেটে সতর্কবার্তা জারি করা হয়। জেদ্দা, তাইফ, ইয়ানবু, আলউলা, খামিস মুশাইত, জাজান ও আবহা এলাকায়ও সতর্কতা দেওয়া হয়েছিল। এর মধ্যে জেদ্দা, তাইফ, ইয়ানবু ও খামিস মুশাইতে দুই দফা করে সতর্কবার্তা জারি করা হয়। পরে এসব এলাকার বিপদ কেটে যাওয়ার কথাও জানায় সিভিল ডিফেন্স।

ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম জরুরি পরিস্থিতিতে মোবাইল ফোনের মাধ্যমে বাসিন্দাদের সতর্কবার্তা পাঠায়। এর আওতায় প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি শত্রুতামূলক বা নাশকতামূলক হামলা, যুদ্ধ, বিমান হামলা ও অন্যান্য জরুরি পরিস্থিতির সতর্কবার্তাও দেওয়া যেতে পারে।

তবে রিয়াদ ও আল-খারজে সর্বশেষ সতর্কবার্তার নির্দিষ্ট কারণ সৌদি কর্তৃপক্ষ প্রকাশ করেনি। ফলে সতর্কতাটি কোনো নির্দিষ্ট হামলা বা অন্য কোনো হুমকির সঙ্গে সরাসরি সম্পর্কিত—এমন দাবি নিশ্চিতভাবে করা যাচ্ছে না।

সৌদি আরবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন শহরে নিরাপত্তাজনিত সতর্কতা জারি হচ্ছে। এর মধ্যে রিয়াদেও বিস্ফোরণের শব্দ শোনার খবর এসেছে এবং স্থানীয় বাসিন্দারা মোবাইলে বিমান প্রতিরক্ষা-সংক্রান্ত সতর্কবার্তা পাওয়ার কথা জানিয়েছেন। তবে এসব ঘটনার সঙ্গে সর্বশেষ সতর্কবার্তার সরাসরি সম্পর্ক কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত