উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছে সৃষ্টি হওয়া এই ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং এটি ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। 

এটি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যেতে পারে। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে বাংলাদেশ।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে সোমবার পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টি হতে পারে। এসময় বজ্রপাতের পাশাপাশি দমকা হাওয়াও বয়ে যেতে পারে। একই সঙ্গে ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় একটানা বৃষ্টি হচ্ছে। সৌরাষ্ট্র থেকে বঙ্গোপসাগর এবং সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার কারণে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।

বৃষ্টির ফলে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় শনিবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে, উত্তরবঙ্গের কয়েকটি এলাকাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে।

আরও পড়ুন