গভীর রাতে শাহবাগে ৩ নেতার মাজারের পাশে ককটেল বিস্ফোরণ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ এএম

রাজধানীর শাহবাগ এলাকায় গভীর রাতে তিন নেতার মাজারের সামনের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

তিনি জানান, শাহবাগ থানার তিন নেতার মাজারের পাশে মেট্রোর ৫২৭ পিলারের নিচে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টা থেকে এগারোটা চল্লিশ মিনিটের মধ্যে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এরআগে, রাত পৌনে ১১টার দিকে পল্টনে সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিন রাত সাড়ে ১০ টার দিকে কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে হাতবোমা বিস্ফোরণের কথা জানিয়েছে রেলওয়ে পুলিশ। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে যাত্রাবাড়ী থানার বিপরীতে বিস্ফোরণের ঘটনা ঘটে; গাড়িতে আগুন দেওয়া হয় মিরপুর ও বাড্ডা এলাকায় এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে।

রাতে ডিএমপি এক বার্তায় বলেছে, হাতবোমা বিস্ফোরণের ঘটনায় বাইকসহ আসামি গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কতজন গ্রেপ্তার, সে বিষয়ে নির্দিষ্ট করে বলা হয়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টায় এই বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হবে বলে বার্তায় জানানো হয়েছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত