চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় মাদকের টাকা জোগাড় করতে ২০ মাস বয়সী মেয়েশিশুকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে বের হওয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ শিশুটির মায়ের ফোন পেয়ে অভিযান চালিয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে সদরঘাট থানা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিশুটির মা সীমা (২৬) ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান।
পুলিশ ও পরিবারের সদস্যদের ভাষ্য, সীমার স্বামী লোকমান হোসেন সাগর (২৭) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে না পেরে তিনি তাঁদের ২০ মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তারকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে নিয়ে বের হন বলে অভিযোগ করা হয়েছে।
খবর পেয়ে সদরঘাট থানার রাত্রিকালীন মোবাইল টহল দল ‘স্পেশাল-২৪’ শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা নগরের বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজ চালানোর পর পশ্চিম মাদারবাড়ির যুগী চাঁদ মসজিদ লেইন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে রাতেই তাকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, শিশুটিকে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে। পরে মাদারবাড়ি এলাকা থেকে তাকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি জানান, শিশুটিকে বিক্রির অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পল্লবীতে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিকাণ্ড
জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত