ইয়েমেনে হুথিদের হামলায় ৩৩ বেসামরিক নাগরিক নিহত

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০২:০৮ পিএম

ইয়েমেনের তাইজ গভর্নরেটে গত ৭৩ ঘণ্টায় হুথিদের হামলায় অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৫৮ জন আহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেন নেটওয়ার্ক ফর রাইটস অ্যান্ড ফ্রিডমস নামের একটি মানবাধিকার সংগঠন।

সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সংগঠনটি জানায়, এ সময়ে বেসামরিক নাগরিক ও স্থাপনায় মোট ১৩৩টি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করেছে তারা। এর মধ্যে আবাসিক এলাকায় ২১৬টি গোলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাও রয়েছে।

প্রতিবেদনে আল-ওয়াজিয়া জেলার আল-হাদারা বাজারে শুক্রবারের হামলার জন্যও হুথিদের দায়ী করা হয়েছে। সংগঠনটির দাবি, ওই হামলায় প্রায় ৩০ জন নিহত এবং ৪৫ জন আহত হন। এ ছাড়া ১৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে বাজারে হামলার জন্য হুথিরা সৌদি আরবের বিমান হামলাকে দায়ী করেছে। অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ হামলার জন্য হুথিদের দায়ী করেছে। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মানবাধিকার সংগঠনটি আরও জানিয়েছে, এ সময়ে ছয়জন বেসামরিক নাগরিককে অপহরণ, ১২টি বাড়িতে অভিযান এবং বেসামরিক যানবাহন ও চিকিৎসাসেবাকেন্দ্রের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

সংগঠনটির সতর্কবার্তায় বলা হয়েছে, তাইজে অব্যাহত গোলাবর্ষণ, চলাচলে বিধিনিষেধ এবং খাদ্য, জ্বালানি ও ওষুধের সংকট পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। এতে স্থানীয় বাসিন্দাদের মানবিক সংকট বাড়ছে।

বেসামরিক নাগরিকদের ওপর হামলার ঘটনাগুলো নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন