মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি শুরুর নির্দেশ বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা রুখে দেওয়া বিদ্যমান স্থগিতাদেশের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।
পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ সংক্রান্ত পূর্ণাঙ্গ চুক্তি (সিটিবিটি) স্বাক্ষরের জন্য উন্মুক্ত হওয়ার ৩০তম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক মন্তব্যে জাখারোভা ২০২৫ সালের ২৯ অক্টোবরে ট্রাম্পের সেই ঘোষণার প্রসঙ্গ টেনে আনেন, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর কথা জানিয়েছিলেন।
জাখারোভা বলেন, ‘অন্য দেশগুলোকে চুক্তির সঙ্গে সাংঘর্ষিক কার্যক্রম চালানোর অভিযোগে অভিযুক্ত করার যে চেষ্টা যুক্তরাষ্ট্র করছে, তা একেবারেই ভিত্তিহীন মনে হচ্ছে। আমরা জানি, ওয়াশিংটন থেকে এমন বক্তব্য এলেই বুঝতে হবে, আমেরিকানরা আবারও তাদের আন্তর্জাতিক অঙ্গীকার থেকে সরে যাওয়ার পথ খুঁজছে।’
এই মন্তব্যের মাধ্যমে রুশ কূটনীতিক মূলত ইঙ্গিত দিয়েছেন, নিজেদের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর সিদ্ধান্তকে যৌক্তিক বানাতেই অন্য দেশের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলার কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, ১৯৯৬ সালে স্বাক্ষরের জন্য উন্মুক্ত হওয়া সিটিবিটি বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করার লক্ষ্যে তৈরি একটি আন্তর্জাতিক চুক্তি, যা গত তিন দশক ধরে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে অস্ত্র প্রতিযোগিতা ঠেকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ট্রাম্পের এই নির্দেশনা কার্যকর হলে তা যুক্তরাষ্ট্রের বহু দশকের দীর্ঘদিনের পারমাণবিক পরীক্ষা-বিরতি নীতির সমাপ্তি ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
এই ঘোষণা ঘিরে ইতিমধ্যে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ দেখা দিয়েছে, কারণ এতে বৈশ্বিক পারমাণবিক নিরস্ত্রীকরণ কাঠামো নতুন করে ভেঙে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। রাশিয়া এর আগেও একাধিকবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি থেকে একতরফা সরে যাওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করে এসেছে, আর এবারের এই মন্তব্যকে সেই একই ধারাবাহিকতার অংশ হিসেবেই দেখছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা।
সূত্র: তাস
হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ
জাতিসংঘে ট্রাম্পের দেখা পাচ্ছেন না নেতানিয়াহু