এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। হিটে ১০ দশমিক ৪৯ সেকেন্ড সময় নিয়ে সেরা ২৪ জনের মধ্যে ২২তম হয়ে পরের পর্বের টিকিট নিশ্চিত করেছেন তিনি।
১০০ মিটার স্প্রিন্টে মোট ছয়টি হিট অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ইমরানুর রহমান দৌড়েছেন পঞ্চম হিটে। সাত প্রতিযোগীর ওই হিটে ছিলেন মালদ্বীপের হাসান সাঈদও, যিনি দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব হিসেবে পরিচিত। ইমরানুর দৌড়েছেন পাঁচ নম্বর লেনে।
নিয়ম অনুযায়ী, প্রতিটি হিটের প্রথম তিনজন সরাসরি সেমিফাইনালে জায়গা পান। এর বাইরে ছয়টি হিট মিলিয়ে সেরা ছয় টাইমিং করা অ্যাথলেটও পরের পর্বে ওঠেন। নিজের হিটে ইমরানুর ১০ দশমিক ৪৯ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হন। তৃতীয় হওয়া তাইপের অ্যাথলেটের টাইমিং ছিল ১০ দশমিক ৩৮ সেকেন্ড।
নিজের সেরা সময়ের কাছাকাছি যেতে পারেননি ইমরানুর। তার ক্যারিয়ার সেরা টাইমিং ১০ দশমিক ১১ সেকেন্ড এবং চলতি মৌসুমে সেরা ১০ দশমিক ২৪ সেকেন্ড। এবার ১০ দশমিক ৪৯ সেকেন্ড সময় নিয়েও অবশ্য সেরা ছয় টাইমিংয়ের তালিকায় জায়গা করে নিয়ে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের এই স্প্রিন্টার।
সেরা ২৪ জনের মধ্যে ২২তম অবস্থানে থেকে সেমিফাইনালে নামবেন ইমরানুর। এখন পরের পর্বে নিজের সেরা সময়ের কাছাকাছি দৌড় দেওয়াই তার সামনে বড় লক্ষ্য।
খামেনির জানাজায় বাংলাদেশের স্পিকারের উপস্থিতির জন্য পেজেশকিয়ানের কৃতজ্ঞতা