জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টায় ফলাফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় গড় উত্তীর্ণের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষায় সারা দেশের ৬৫২টি কেন্দ্রে ১ হাজার ৯০৮টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানউন্নয়নসহ মোট ১ লাখ ৮৪ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে গড় পাসের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ।
শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন। ফলাফল পাওয়া যাবে http://result.nu.ac.bd ওয়েবসাইটে।
এদিকে ফল প্রকাশের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমানুল্লাহ ফেরদৌস উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান। যারা অকৃতকার্য হয়েছেন, তাদের আবারও পড়াশোনা করে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যর্থতাই সফলতার চাবিকাঠি।
উপাচার্য বলেন, যদিও লক্ষাধিক শিক্ষার্থী ফেল করেছে এবং আমরা তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, কিন্তু এটিই প্রকৃত পাসের হার। এখানে আমরা কোনো হাত দিইনি।
তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় গুণগত শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে। তবে এত সংখ্যক শিক্ষার্থী কেন অকৃতকার্য হয়েছে, তা নিয়ে ভবিষ্যতে গবেষণা করা হবে।
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮