পরবর্তী জেমস বন্ড কে হচ্ছেন, তা নিয়ে চলছে নানা জল্পনা। সম্ভাব্য অভিনেতাদের তালিকায় কয়েকটি নাম আলোচনায় এলেও এবার ভক্তদের প্রস্তাব—বলিউড তারকা হৃতিক রোশনকে দেখা যেতে পারে ব্রিটিশ গোয়েন্দা চরিত্র ০০৭-এর ভূমিকায়। যদিও আনুষ্ঠানিকভাবে এই চরিত্রের জন্য হৃতিকের নাম আলোচনায় আসেনি, তবু তাঁর স্টাইল, ব্যক্তিত্ব ও অ্যাকশন দক্ষতা বিবেচনায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি লস অ্যাঞ্জেলেস কাউন্টি মিউজিয়াম অব আর্টের (এলএসিএমএ) আর্ট + ফিল্ম গালায় অংশ নেন হৃতিক। সেখানে হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান এবং চলচ্চিত্র নির্মাতা ডেনিস ভিলেন্যুভের সঙ্গে তাঁকে দেখা যায়। তাঁদের সঙ্গে হৃতিকের ছবি প্রকাশের পরই ভক্তদের মধ্যে নতুন করে জল্পনা শুরু হয়। কারণ, পরবর্তী জেমস বন্ড চলচ্চিত্র পরিচালনার দায়িত্বে রয়েছেন ভিলেন্যুভ।
এই সাক্ষাতে হৃতিক ও ভিলেন্যুভের মধ্যে জেমস বন্ডের চরিত্র নিয়ে কোনো আলোচনা হয়েছে, এমন তথ্য নেই। তবে তাঁদের একসঙ্গে ছবি দেখেই ভক্তদের অনেকে হৃতিককে পরবর্তী বন্ড হিসেবে কল্পনা করতে শুরু করেছেন।
জেমস বন্ড চরিত্রটি ঐতিহ্যগতভাবে একজন ব্রিটিশ গোয়েন্দার। হৃতিকও এখন পর্যন্ত সম্ভাব্য অভিনেতাদের আলোচিত তালিকায় নেই। তারপরও কেন তাঁকে এই চরিত্রে মানাবে, তা নিয়ে বেশ কিছু যুক্তি তুলে ধরছেন ভক্তরা।
প্রথমেই আসে হৃতিকের ‘ধুম ২’ সিনেমার কথা। সেখানে আরিয়ান চরিত্রে একজন স্টাইলিশ চোরের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সংলাপ ছাড়াই নিজের উপস্থিতি, আত্মবিশ্বাস ও আকর্ষণীয় ব্যক্তিত্ব দিয়ে দর্শকের নজর কাড়ার সক্ষমতা দেখিয়েছিলেন। ভক্তদের মতে, তরুণ ও কিছুটা আড়ম্বরপূর্ণ জেমস বন্ড চরিত্রের জন্য ‘ধুম ২’-এর আরিয়ান হতে পারে একটি ভালো উদাহরণ।
অ্যাকশনেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন হৃতিক। ‘ব্যাং ব্যাং’, ‘ওয়ার’ ও ‘ফাইটার’-এর মতো সিনেমায় কঠিন লড়াইয়ের দৃশ্য, ঝুঁকিপূর্ণ স্টান্ট এবং অ্যাকশননির্ভর চরিত্রে অভিনয় করেছেন তিনি। পর্দায় এসব দৃশ্যকে সাবলীলভাবে তুলে ধরার দক্ষতাও রয়েছে তাঁর। তাই জেমস বন্ডের পরিচিত অ্যাকশনধর্মী চরিত্রে তাঁকে কল্পনা করছেন অনেকে।
তবে জেমস বন্ড হতে শুধু শারীরিক সক্ষমতা, সুদর্শন চেহারা কিংবা দামি পোশাক যথেষ্ট নয়। চরিত্রটির মধ্যে থাকতে হয় ভয় ধরানোর মতো ব্যক্তিত্ব ও অভিনয়ের গভীরতা। হৃতিক ‘কোই মিল গয়া’ সিনেমার সংবেদনশীল রোহিত থেকে ‘ওয়ার’-এর নির্ভীক কবির—বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজের বৈচিত্র্য দেখিয়েছেন। ফলে বন্ড চরিত্রের বিভিন্ন দিক ফুটিয়ে তোলার সামর্থ্য তাঁর রয়েছে বলে মনে করছেন ভক্তরা।
২০০২ সালে জিকিউ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারেও জেমস বন্ড হওয়ার বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছিলেন হৃতিক। তখন তিনি বলেছিলেন, ‘আমি সেরা জেমস বন্ড হতে পারি।’
এবার আলোচনায় যুক্ত হয়েছে ডেনিস ভিলেন্যুভের বিষয়টিও। ‘ডিউন’, ‘ব্লেড রানার ২০৪৯’ ও ‘অ্যারাইভাল’-এর মতো সিনেমা নির্মাণ করে পরিচিতি পেয়েছেন এই পরিচালক। পরবর্তী জেমস বন্ড সিনেমায় তাঁর নিজস্ব চলচ্চিত্র নির্মাণশৈলী, দীর্ঘ নাটকীয় দৃশ্য ও বড় পরিসরের অ্যাকশন দেখা যেতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। সেই সিনেমায় হৃতিককে দেখা গেলে তা দর্শকদের জন্য আকর্ষণীয় অভিজ্ঞতা হতে পারে—এমনটাই মনে করছেন তাঁর ভক্তরা।
তবে আপাতত পুরো বিষয়টিই ভক্তদের কল্পনা ও আগ্রহের মধ্যে সীমাবদ্ধ। পরবর্তী জেমস বন্ডের নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তাই সম্ভাব্য অভিনেতাদের নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে।
জেমস বন্ড চরিত্রে আলোচনায় যাঁদের নাম
হৃতিক রোশন ভক্তদের প্রস্তাব হলেও পরবর্তী জেমস বন্ড হওয়ার দৌড়ে কয়েকজন হলিউড অভিনেতার নাম বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তাঁদের মধ্যে রয়েছেন ‘কল মি বাই ইয়োর নেম’খ্যাত ক্যালাম টার্নার। এ ছাড়া ‘স্লো হর্সেস’ অভিনেতা জ্যাক লোডেন এবং ‘চ্যালেঞ্জার্স’ তারকা জশ ও'কনরও সম্ভাব্য তালিকায় রয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।
রবার্ট প্যাটিনসন ও নিকোলাস হল্টের নামও আলোচনায় এসেছে। তাঁদের দুজনেরই এই চরিত্রের জন্য স্ক্রিন টেস্ট দেওয়ার খবর বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
ড্যানিয়েল ক্রেইগ সর্বশেষ ২০২১ সালে মুক্তি পাওয়া ‘নো টাইম টু ডাই’ সিনেমায় জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেন। তাঁর পর যিনি এই চরিত্রে আসবেন, তাঁকে দর্শকদের প্রত্যাশা পূরণের বড় চ্যালেঞ্জ নিতে হবে।
এ পর্যন্ত যাঁরা জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন
এ পর্যন্ত বড় পর্দায় আনুষ্ঠানিকভাবে ছয়জন অভিনেতা জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেছেন। ২০০৬ সালে ড্যানিয়েল ক্রেইগ দায়িত্ব নেওয়ার আগে এই চরিত্রে অভিনয় করেন শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন ও পিয়ার্স ব্রসনান।
১৯৬২ সালে মুক্তি পাওয়া ‘ড. নো’ সিনেমার মাধ্যমে শন কনারি প্রথম জেমস বন্ড চরিত্রে অভিনয় করেন। এরপর পর্যায়ক্রমে অন্য অভিনেতারা এই জনপ্রিয় ব্রিটিশ গোয়েন্দার ভূমিকায় অভিনয় করেন।
সূত্র: এনডিটিভি
সাফে আমরা সব ম্যাচ জিততে চাই: হামজা চৌধুরী
গ্রিসে বাংলাদেশি টিকটকারের ভিডিও অভিবাসীদের জন্য যেভাবে সবর্নাশ ডেকে আনলো
ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে 'ঝগড়া'