ভুলবশত গাজার সামরিক ঘাঁটি ও ধ্বংসযজ্ঞ প্রকাশ ইসরায়েলের

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

ইসরায়েলের সরকারি অনলাইন মানচিত্রে ভুলবশত গাজার উচ্চ রেজল্যুশনের স্যাটেলাইট ছবি প্রকাশ হয়ে গেছে। এতে উত্তর গাজার বিভিন্ন সামরিক স্থাপনা এবং বিস্তীর্ণ এলাকার ধ্বংসযজ্ঞের চিত্রও দৃশ্যমান হয়ে ওঠে। যুদ্ধকালীন তথ্য ও দৃশ্যপটের ওপর ইসরায়েলি কর্তৃপক্ষের কঠোর নিয়ন্ত্রণের মধ্যে ঘটনাটিকে বিরল ত্রুটি হিসেবে দেখা হচ্ছে।

ইসরায়েলের সরকারি জনসাধারণের জন্য উন্মুক্ত মানচিত্রসেবা গভম্যাপে সাময়িকভাবে এসব উচ্চ রেজল্যুশনের ছবি দেখা যায়। সোমবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি প্রথম নজরে আসে এক্সের একটি অ্যাকাউন্টের। অ্যাকাউন্টটি উন্মুক্ত উৎসভিত্তিক গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং গাজা উপত্যকায় বিভিন্ন ঘটনার অবস্থান শনাক্ত করার কাজ করে থাকে।

প্রকাশিত ছবিতে উত্তর গাজার বিভিন্ন এলাকায় সামরিক স্থাপনার পাশাপাশি ব্যাপক ধ্বংসের চিত্রও দেখা যায়। ফলে যুদ্ধের সময় সাধারণ মানুষের জন্য সীমিত রাখা দৃশ্যপটের একটি অংশ সাময়িকভাবে প্রকাশ্যে চলে আসে।

তবে ঘটনাটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরে ইসরায়েলি সরকার তাদের সরকারি ওয়েবসাইটে গাজার পুরো এলাকার ছবি আবার ঝাপসা করে দেয়। এর ফলে আগে দৃশ্যমান হয়ে যাওয়া উচ্চ রেজল্যুশনের উপগ্রহচিত্র আর আগের মতো দেখা যাচ্ছে না।

যুদ্ধের সময় গাজার সামরিক স্থাপনা ও ক্ষয়ক্ষতির দৃশ্য প্রকাশের ক্ষেত্রে ইসরায়েলি কর্তৃপক্ষের কড়াকড়ির মধ্যে সরকারি মানচিত্রে এমন ছবি প্রকাশকে ব্যতিক্রমী ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি এমন সময়ে সামনে এলো, যখন গাজায় সামরিক তৎপরতা ও ব্যাপক ধ্বংসযজ্ঞের বিভিন্ন চিত্র নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত আলোচনা চলছে। সরকারি মানচিত্রে সাময়িকভাবে প্রকাশিত ছবিগুলো সেই ধ্বংসের কিছু দৃশ্যও সামনে নিয়ে আসে। সূত্র: মিডল ইস্ট আই

এএস
আরও পড়ুন