খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রায় সাড়ে চার একর জমিতে গড়ে তোলা সজনে বাগানের তিন হাজার চারা কেটে ফেলার অভিযোগ উঠেছে। পাঁচ তরুণের উদ্যোগে গড়ে ওঠা বাগানটিতে ‘ইন্ডিয়ান ওডিসি-৩’ জাতের বারোমাসি সজনে চারা রোপণ করা হয়েছিল। একই সঙ্গে শতাধিক তরমুজের চারাও উপড়ে ফেলার অভিযোগ করেছেন বাগানের উদ্যোক্তারা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় উপজেলার হরিধন মগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন তারা। তাদের অভিযোগ, রাতের আঁধারে দুর্বৃত্তরা বাগানে ঢুকে দুই থেকে তিন ফুট উচ্চতার প্রায় সব সজনে চারা কেটে দেয়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি উদ্যোক্তাদের।
বাগানের কেয়ারটেকার সাইলাপ্রু মারমা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাগান থেকে বাড়িতে চলে যান। পরদিন শুক্রবার সকালে ফিরে এসে দেখতে পান, বাগানের অধিকাংশ চারা কেটে ফেলা হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি।
বাগানের ম্যানেজার মো. শামসুল হক বলেন, বৃহস্পতিবার সারাদিন তিনি বাগানে ছিলেন। শুক্রবার সকালে সজনে গাছে সার ও কীটনাশক দেওয়ার কথা ছিল। এর মধ্যে সকালে কেয়ারটেকারের ফোন পেয়ে দ্রুত বাগানে গিয়ে তিনি দেখতে পান, অধিকাংশ সজনে গাছ মাটিতে পড়ে আছে। পাশাপাশি শতাধিক তরমুজের চারাও উপড়ে ফেলা হয়েছে।
বাগানের উদ্যোক্তা মো. আরিফুল ইসলামের অভিযোগ, বাগান করার শুরু থেকেই ইউপিডিএফের দায়িত্বপ্রাপ্ত অংসা মারমা এর বিরোধিতা করে আসছিলেন। বাধা উপেক্ষা করেই তারা বাগানটি গড়ে তোলেন। তার দাবি, পরিকল্পিতভাবে বাগানের চারা কেটে দেওয়ায় তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার বিষয়ে সেনাবাহিনী ও বিজিবিকে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান আরিফুল ইসলাম। পাশাপাশি মাটিরাঙ্গা থানায়ও অভিযোগ করা হয়েছে।
মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম বলেন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার
'ইরান এখনই আত্মসমর্পণ বা পরাজয় মেনে নেওয়ার অবস্থায় নেই'