ইরাকের কুর্দিস্তান ক্যাম্পে ৩ ড্রোন হামলা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের কুয়োয়া এলাকায় একটি ক্যাম্পে তিনটি ড্রোন হামলা হয়েছে। স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে এ হামলা চালানো হয় বলে কুর্দিস্তানভিত্তিক সংবাদমাধ্যম রুদাও জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রাত ১টা ৪০ মিনিট থেকে ২টা ১০ মিনিটের মধ্যে ক্যাম্পটিতে ড্রোন হামলা হয়। এতে কোনো হতাহত হয়নি বলে অঞ্চলটির নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে রুদাও।

হামলার লক্ষ্যবস্তু ক্যাম্পটি কার বা সেখানে কারা অবস্থান করছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। একইভাবে হামলায় কোনো অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাও স্পষ্ট নয়।

কুর্দিস্তানে ড্রোন হামলা অব্যাহত

ইরাকি কুর্দিস্তান অঞ্চলে সাম্প্রতিক মাসগুলোতে ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর অবস্থান ও ক্যাম্পকে লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

২৪ সেপ্টেম্বর রুদাও জানিয়েছিল, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এরবিল প্রদেশের সোর্চান এলাকার কাছে একটি স্থাপনায় তিনটি ড্রোন হামলা চালায়। ওই হামলায় একজন পেশমার্গা যোদ্ধা আহত হন বলে দুই নিরাপত্তা সূত্র জানিয়েছিল।

এর আগে ১৪ সেপ্টেম্বর সুলাইমানিয়া প্রদেশের জিরগওয়েজ এলাকায় ইরানি কুর্দি বিরোধী সংগঠন কোমালার সদস্যদের পরিবারের বসবাস করা একটি ক্যাম্পে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওই হামলায় অবকাঠামোর ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি বলে রুদাও জানিয়েছিল।

ইরান অতীতে ইরাকি কুর্দিস্তানে অবস্থানরত ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে কুর্দিস্তান আঞ্চলিক সরকার বারবার বলে আসছে, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে অঞ্চলটি কোনো পক্ষ নয় এবং তাদের ভূখণ্ডে হামলা বন্ধ হওয়া উচিত।

সোমবারের কুয়োয়া ক্যাম্পে তিন ড্রোন হামলার পেছনে কারা ছিল, তাৎক্ষণিকভাবে তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। হামলার উদ্দেশ্য এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্রও এখনো পরিষ্কার নয়।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত