দেশের বাজারে সোনার গহনার দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সোনার দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছিল। এরপর ২৮ সেপ্টেম্বর কমানো হয় আরও ২ হাজার ১৫৮ টাকা। সর্বশেষ আজ আবারও ২ হাজার ২১৬ টাকা কমানো হলো। ফলে তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম কমেছে মোট ৬ হাজার ৬৫ টাকা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাটসহ সোনার নির্ধারিত দাম:
- ২২ ক্যারেট ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।
- ২১ ক্যারেট ভরিতে ২ হাজার ৯৯ টাকা কমিয়ে দাম ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা।
- ১৮ ক্যারেট ভরিতে ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে দাম ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা।
- সনাতন পদ্ধতির দাম ভরিতে ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
এদিকে সোনার পাশাপাশি রুপার গহনার দামও কমিয়েছে বাজুস।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাটসহ রুপার নির্ধারিত দাম:
- ২২ ক্যারেট ভরিতে ১৭৫ টাকা কমিয়ে দাম ৪ হাজার ৩১৬ টাকা।
- ২১ ক্যারেট ভরিতে ১৭৫ টাকা কমিয়ে দাম ৪ হাজার ১৪১ টাকা।
- ১৮ ক্যারেট ভরিতে ১৭৪ টাকা কমিয়ে দাম ৩ হাজার ৫৫৮ টাকা।
- সনাতন পদ্ধতির দাম ভরিতে ১১৬ টাকা কমিয়ে ২ হাজার ৬৮৩ টাকা।
ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান স্যান্ডার্সের
ইরানকে নিষেধাজ্ঞা ছাড়ের খবরকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প