চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি বাড়ির ঘরের মেঝেতে পুঁতে রাখা অন্তত ৩০টি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। এতে ঘরের দেয়াল ধসে যাওয়ার পাশাপাশি উড়ে গেছে টিনের চাল। বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নরসিয়া মুসা মাওলানা পাড়ায় সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজির হোসেন জানান, সীমান্তবর্তী জোহরপুর মাঠপাড়া কালভার্টসংলগ্ন একটি মাছের ঘেরকে কেন্দ্র করে কয়েকদিন ধরে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এক পক্ষে ইয়াহিয়া সালাম ও বাবু এবং অপরপক্ষে আব্দুস সালাম কালু রয়েছেন।
তিনি বলেন, রাত ৮টার দিকে ইয়াহিয়ার বাড়ির একটি ঘরের মেঝেতে পুঁতে রাখা ২৫ থেকে ৩০টি ককটেল একযোগে বিস্ফোরিত হয়। এতে ঘরের দেয়াল ধসে যায় এবং টিনের চাল উড়ে গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে বিস্ফোরণে কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি।
চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার যুবদল নেতা বহিষ্কার
চট্টগ্রাম ও কক্সবাজারে ৩ নম্বর সতর্কতা সংকেত