রূপগঞ্জে পোশাক কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫০ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকায় সিম গ্রুপের কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিদের মধ্যে মেকানিক্যাল সাইটের ফায়ার সুপারভাইজার নাইমুল হাসানের (৩৫) পরিচয় জানা গেছে। তিনি মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। অন্য তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম চারজন আহত হওয়ার তথ্য জানিয়েছেন।

তবে আহতের সংখ্যা নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। সিম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম জানিয়েছেন, বিস্ফোরণে একজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

তিনি বলেন, রাতে কারখানার বয়লার সেকশনের পাশে থাকা ডায়ার কম্প্রেসার মেশিনে বিস্ফোরণ ঘটে। এতে একজন শ্রমিক দগ্ধ হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এদিকে বিস্ফোরণের খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত