ইরানের নিরাপত্তা নিশ্চিত করা না হলে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক জ্বালানি অবকাঠামোও নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি নিয়ে সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
গালিবাফ বলেন, ‘কোনো অঞ্চলে আমরা তেল বিক্রি করতে না পারলে সেখানে কেউ তেল বিক্রি করবে না। আর আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।’
ইরানি এই পার্লামেন্ট স্পিকার ট্রাম্পের জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণের সমালোচনা করে তাঁর বক্তব্যকে ‘অপমানজনক’ ও ‘বেপরোয়া’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ইরানের ওপর কোনো ধরনের হামলা হলে তেহরান তার জবাব ‘দৃঢ়ভাবে, সুনির্দিষ্টভাবে এবং দ্রুত’ দেবে।
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত এই জলপথে অস্থিতিশীলতা তৈরি হওয়ায় আন্তর্জাতিক তেল ও গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগও বেড়েছে। সাম্প্রতিক সময়ে ইরান হরমুজে জাহাজ চলাচলে বিধিনিষেধ বাড়িয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
এর আগে গালিবাফও সতর্ক করে বলেছিলেন, ইরানের তেল রপ্তানি বন্ধ করার চেষ্টা করা হলে আঞ্চলিক অন্য দেশগুলোর তেল রপ্তানিও ঝুঁকির মুখে পড়বে। সেপ্টেম্বরের শুরুতে তিনি মার্কিন নৌ অবরোধ আরও জোরদার হলে সামরিক প্রতিক্রিয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন।
এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরেছেন এবং একটি চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। এর পরই হরমুজ ও আঞ্চলিক জ্বালানি অবকাঠামো নিয়ে তেহরানের পক্ষ থেকে নতুন করে সতর্কবার্তা এলো।
তবে একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ কূটনৈতিক যোগাযোগও চলছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বাইরে ইরানি ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়েছে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার পথ খোলা রাখার চেষ্টা চলছে। ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার শর্ত নিয়েও আলোচনা করছে বলে সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে।
এই পরিস্থিতিতে গালিবাফের সর্বশেষ বক্তব্য হরমুজ প্রণালিকে ঘিরে চলমান সামরিক ও কূটনৈতিক উত্তেজনার নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ইরানের নিরাপত্তার সঙ্গে আঞ্চলিক জ্বালানি অবকাঠামোর নিরাপত্তাকে সরাসরি যুক্ত করার তাঁর বক্তব্যে উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস স্থাপনাগুলো নিয়ে নতুন উদ্বেগ তৈরি হতে পারে।
গাজায় ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার নিহত
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা