'দেশ অস্থিতিশীল করতে ১১ দল বিভিন্ন কর্মসূচি দিচ্ছে'

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পিএম

বিদেশি এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার দাবি, এ উদ্দেশ্যে ১১টি রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচি দিচ্ছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শাহে আলম বলেন, একটি রাজনৈতিক দল বেহেশতের কথা বলে ভোট নিলেও মসজিদ, মাদরাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের নিয়ে চিন্তা করেনি। তাদের নিয়ে চিন্তা করেছেন তারেক রহমান।

তিনি বলেন, বর্তমান সরকার বেশ কিছু ভালো কর্মসূচি হাতে নিয়েছে। সেগুলোকে সমর্থন না দিয়ে দেশের পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। কোনো অপতৎপরতাই কাজে আসবে না। সরকার তার নিজস্ব গতিতেই চলবে।

এ সময় শহিদ আবু সাঈদের বাড়ি ও কবরের সৌন্দর্যবর্ধনের জন্য এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

কবর জিয়ারতকালে জেলা পরিষদ প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএম
আরও পড়ুন