দেশের জনগণ শেখ হাসিনার ফাঁসি কার্যকর করবে: প্রতিমন্ত্রী টুকু

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘হুমকি-ধামকি দিয়ে বাংলাদেশের জনগণকে রোধ করা যাবে না। শেখ হাসিনার যে ফাঁসির রায় হয়েছে, বাংলাদেশের জনগণ সেই রায় কার্যকর করতে চায়।’ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সুফলভোগী খামারিদের মধ্যে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ‘সারা দেশের প্রান্তিক জনগণকে কীভাবে গড়ে তোলা যায়, অর্থনৈতিকভাবে শক্তিশালী করা যায়, সেই লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এই মানিকগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম এসে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন। প্রান্তিক খামারিরা যাতে নিজেদের সমৃদ্ধ করতে পারেন, খাল খননের পাশাপাশি মৎস্য খামার গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করেছেন। তাদেরই যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রান্তিক জনগোষ্ঠীর কীভাবে উন্নতি করা যায়, সে জন্য খাল খনন কর্মসূচি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।’

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার খুন-গুম করেছে। শিশু-বাচ্চাদের পর্যন্ত হত্যা করেছে। সেই সরকার জালেম, জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের বিতাড়িত করেছে। আজকে তারা বিভিন্ন ধরনের কথা বলে আবার আসতে চায়। আপনার যে ফাঁসির রায় হয়েছে, সেই রায় বাংলাদেশের জনগণ কার্যকর করতে চায়। যে পরিমাণ খুন-গুম করেও কোনো অনুশোচনা নেই, তাকে দেশের মানুষ ছেড়ে দেবে না।’

তিনি আরও বলেন, ‘অনুশোচনা না করে হুমকি-ধামকি দেওয়া শুরু করেছে। হুমকি-ধামকি দিয়ে এই দেশের জনগণকে কি রোধ করা যায়? যাবে না। এই দেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। যতবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, ততবার গণতন্ত্র রক্ষার জন্য বিএনপি আন্দোলন করেছে।’ তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ষড়যন্ত্রই যেন এই দেশে করতে না পারে। আমরা যদি সজাগ থাকি, ষড়যন্ত্র করে লাভ হবে না।’

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দীন কবীর এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শেষে ২৫ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

জেএম
আরও পড়ুন