ইরান যুদ্ধের প্রভাব

ট্রাম্পের জনপ্রিয়তায় ব্যাপক ধস: জরিপ

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা নতুন করে কমেছে। নতুন এক জরিপে তার কাজের প্রতি অনুমোদনের হার ৩২ শতাংশে নেমে এসেছে, যা তার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময়ের সর্বনিম্ন।

রয়টার্স ও ইপসোসের জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপে দেখা গেছে, স্বাধীন ভোটার ও লাতিনো ভোটারদের মধ্যে ট্রাম্পের সমর্থন কমেছে। ২০২৪ সালের নির্বাচনে এই দুই গোষ্ঠীর একটি বড় অংশ তাকে সমর্থন করেছিল।

নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের মাত্র এক মাস আগে ট্রাম্পের জনপ্রিয়তায় এই পতন রিপাবলিকান পার্টির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ওই নির্বাচনের মাধ্যমে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ধারিত হবে।

সোমবার নেব্রাস্কার উদ্দেশে বিমানে ওঠার আগে ট্রাম্পকে তার জনপ্রিয়তা কমে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘আমি খুব ভালো করছি।’ একই সঙ্গে তিনি সিএনএন ও অন্যান্য গণমাধ্যমকে দোষারোপ করেন।

এদিকে এনবিসি নিউজ ও টেলিমুন্ডোর সাম্প্রতিক জরিপেও লাতিনো ভোটারদের মধ্যে ট্রাম্পের সমর্থন কমে যাওয়ার চিত্র উঠে এসেছে। জরিপ অনুযায়ী, ৫৯ শতাংশ লাতিনো ভোটার কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ চান। দুই বছর আগে এই হার ছিল এর অর্ধেকেরও কম।

ওই জরিপে মাত্র ২৪ শতাংশ হিস্পানিক ভোটার ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে কাজের প্রতি অনুমোদন জানিয়েছেন।

রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাতে ট্রাম্প গত কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য সফর করছেন। তবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কয়েকটি রাজ্যেও তার সমর্থন কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এ পরিস্থিতিতে কয়েকজন রিপাবলিকান নেতাও ট্রাম্পের কাছ থেকে দূরত্ব বজায় রাখছেন। বিশেষ করে অভিবাসনসহ বিভিন্ন ইস্যুতে স্থানীয় ভোটারদের সমর্থন ধরে রাখতে তারা এমন অবস্থান নিচ্ছেন।

অর্থনীতি, ইরানের সঙ্গে যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মার্কিন জনগণের অসন্তোষ বাড়ছে বলে জরিপগুলোতে ইঙ্গিত পাওয়া গেছে। এসব বিষয় ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করছেন অনেক ভোটার। এর প্রভাব আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ওপর পড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত