জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবিলা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার দক্ষতা বাড়াতে তিন দিনব্যাপী ‘বেসিক ফার্স্ট এইড অ্যান্ড সাইকোলজিক্যাল ফার্স্ট এইড’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) স্বাস্থ্য বিভাগের Pathways to Heading (P2H) প্রকল্পের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেড ক্রিসেন্ট ইয়ুথ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব হলেও কর্মের মাধ্যমে সবাই এ মর্যাদার যথার্থতা প্রমাণ করতে পারেন না। রেড ক্রিসেন্টের সঙ্গে যুক্তরা মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের প্রতি তাদের দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
উপাচার্য বলেন, যেকোনো দুর্যোগে মানুষের পাশে সবার আগে এগিয়ে আসেন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা। জীবন রক্ষা, জরুরি সহায়তা ও মানবিক সেবা নিশ্চিত করতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও প্রশিক্ষণ নিয়ে দুর্যোগ মোকাবিলায় নিজেদের দক্ষ ও তৎপর করে তুলতে পারবেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মতো রেড ক্রিসেন্ট ইয়ুথ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কেও শিগগির নিবন্ধনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করা হবে, যাতে শিক্ষার্থীরা মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বেশি সম্পৃক্ত হওয়ার সুযোগ পান।
শিক্ষার্থীদের আত্মমর্যাদা ও বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষার পাশাপাশি মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান উপাচার্য। মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং দুর্যোগের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিতে পারেন বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিআরসিএসের স্বাস্থ্য বিভাগের প্রজেক্ট ম্যানেজার ড. মো. ফারহান সাদিক খান এবং ইউথ অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের হেল্থ রিপ্রেজেন্টেটিভ মেহেদী হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জবি রেড ক্রিসেন্ট ইয়ুথের টিচার ইন-চার্জ ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মাহ্মুদুল হাসান ফৈজী।
তিন দিনের প্রশিক্ষণে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং মানসিক জরুরি সহায়তার বিভিন্ন কৌশল শেখানো হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন উপাচার্য।
১৭ হাজার ফুট উঁচুতে বজ্রপাতের কবলে যাত্রীবাহী বিমান
দিল্লিতে ভবন ধসে প্রাণ গেলো ৩ জনের