এশিয়ার তরুণদের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণাগার ও শিল্পক্ষেত্রে নিরাপদ ও দায়িত্বশীল রসায়ন চর্চার সংস্কৃতি গড়ে তুলতে ঢাকায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।
অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স (ওপিসিডব্লিউ) এবং বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের (বিএনএসিডব্লিউসি) যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। ‘ইন্টারন্যাশনাল ট্রেইনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম অন পিসফুল ইউজেস অব কেমিস্ট্রি ফর ইয়ুথ-২০২৬’ শীর্ষক প্রশিক্ষণটি বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার হোটেল রেডিসন ব্লুতে শেষ হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ অক্টোবর শুরু হওয়া এ প্রশিক্ষণে বাংলাদেশসহ এশিয়ার আট দেশের ১৭ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। তাঁদের প্রশিক্ষণ দেন দেশি-বিদেশি পাঁচজন প্রশিক্ষক।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের সদস্য সচিব কমডোর মো. মনির উদ্দীন মল্লিক।
আইএসপিআর জানায়, প্রশিক্ষণে রাসায়নিক পদার্থের বৈশ্বিক ব্যবস্থাপনা, দ্বৈত ব্যবহারের ঝুঁকি কমানো, নিরাপত্তার সংস্কৃতি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতার নেটওয়ার্ক গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মের বিজ্ঞানীদের মধ্যে নৈতিক মূল্যবোধ বিকাশের বিষয়গুলো গুরুত্ব পায়।
সমাপনী বক্তব্যে কমডোর মো. মনির উদ্দীন মল্লিক বলেন, রসায়নের নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহার শুধু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতেই নয়, আন্তর্জাতিক শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি রাসায়নিক অস্ত্র কনভেনশন বাস্তবায়নে ওপিসিডব্লিউর সব উদ্যোগে বাংলাদেশ সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। আন্তর্জাতিক এ প্রশিক্ষণ আয়োজনের জন্য বাংলাদেশকে নির্বাচন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান তিনি।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থী ও প্রশিক্ষকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি।
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ জানাতে শেরপুরে এডুকেশন এক্সপো
মা ইলিশ রক্ষায় ৯ জেলায় নৌবাহিনীর অভিযান