দেশের বাজারে দফায় দফায় কমছে সোনার গহনার দাম। সর্বশেষ দাম কমানোর পর ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। সব মিলিয়ে নয় দফায় এক ভরি সোনার গহনার দাম কমেছে ৩৪ হাজার ৬৯০ টাকা।
শনিবার (২১ নভেম্বর) রাতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দাম কার্যকর থাকবে।
এর আগে ২০ নভেম্বর ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয়েছিল ১০ হাজার ৯৫৪ টাকা। এর আগে ১৯ নভেম্বর ৩ হাজার ২৬৬ টাকা, ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। এ ছাড়া সর্বশেষ ঘোষণার আগে আরও ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়েছিল।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৮৯০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৫ হাজার ১৫ টাকা কমিয়ে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৫৪১ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম কমলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।
এইচএসসি ও সমমান পুনর্নিরীক্ষার ফল প্রকাশ আজ