ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার অঙ্গীকার

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পিএম

ইরানের প্রতিরক্ষামন্ত্রী পদে মনোনীত মেহরদাদ আখলাঘি দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং সামরিক শিল্পের অবকাঠামো পুনর্গঠনের অঙ্গীকার করেছেন। একই সঙ্গে প্রতিরক্ষা ব্যবস্থায় উদীয়মান প্রযুক্তির সমন্বয় এবং মন্ত্রণালয়ের ভবিষ্যৎ কার্যক্রম ঢেলে সাজানোর পরিকল্পনাও তুলে ধরেছেন তিনি। সোমবার (১২ অক্টোবর) সংসদে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পরিকল্পনা পর্যালোচনার অধিবেশনে এসব অগ্রাধিকারের কথা জানান আখলাঘি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালনার প্রস্তাবিত পরিকল্পনায় মোট ১৬টি অগ্রাধিকার নির্ধারণ করেছেন আখলাঘি। এর মধ্যে রয়েছে সামরিক শিল্পের অবকাঠামো পুনর্গঠন, প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন প্রযুক্তির সংযুক্তি এবং আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা।

আখলাঘি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালনার জন্য তাঁর প্রস্তাবিত পরিকল্পনায় ১৬টি অগ্রাধিকার তুলে ধরা হয়েছে। এর একটি হলো ভবিষ্যতের উপযোগী করে মন্ত্রণালয়কে নতুনভাবে সাজানো ও পুনর্গঠন করা। প্রতিরক্ষা খাতের কার্যক্রমকে ভবিষ্যতের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার বিষয়টিও তাঁর পরিকল্পনায় গুরুত্ব পেয়েছে।

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের প্রতিরক্ষা উৎপাদন ও এ খাতে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম বন্ধ হয়নি। একই সঙ্গে সামরিক বাহিনীর সদস্য ও অবসরপ্রাপ্তদের আবাসন, স্বাস্থ্যসেবা এবং জীবনযাত্রার বিষয়গুলোতে আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনায় সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সদস্যদের কল্যাণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এএস
আরও পড়ুন