রেলওয়ের বেদখল হওয়া জমি দখলমুক্ত করা হবে: রেলমন্ত্রী

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৩ এএম

রেলওয়ের দখল হয়ে যাওয়া সব জমি চিহ্নিত করে দ্রুত তা পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার সকালে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই কথা জানান।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, সৈয়দপুরে রেলওয়ের বিপুল সংখ্যক আবাসন খালি পড়ে রয়েছে। মূলত অতিরিক্ত ভাড়ার কারণে অনেকেই এসব আবাসনে থাকতে আগ্রহী হচ্ছেন না।

এ ছাড়া, রেলওয়ের প্রায় ৬০ থেকে ৭০ একর জমি নিয়ে পৌরসভার সাথে চলমান আইনি বিরোধ কাটিয়ে জমিগুলো রাষ্ট্রের প্রয়োজনে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্বাচিত সরকারের অঙ্গীকার অনুযায়ী বাংলাদেশ রেলওয়েকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সৈয়দপুরের দুটি ঐতিহ্যবাহী কারখানাকে এ প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত করা হবে।

বর্তমানে রেলে মেরামতের অপেক্ষায় থাকা প্রায় ৪০০টি কোচ পুনরায় চালুর লক্ষ্যে দক্ষ জনবল নিয়োগের কথা ভাবছে সরকার। পাশাপাশি কারখানার পুরনো কিন্তু মানসম্পন্ন যন্ত্রপাতির সঠিক ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে।

রেলওয়ের নিজস্ব হাসপাতালগুলোর সেবা বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে চিকিৎসা সেবার মান অনেক বাড়বে বলে আশা করা হচ্ছে।

একসময়ের গৌরবময় সৈয়দপুর কারখানায় পার্টস তৈরির সক্ষমতা আবার বাড়ানোর তাগিদ দিয়েছেন মন্ত্রী। আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় যন্ত্রাংশ তৈরির মাধ্যমে কারখানার পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত