বাংলাদেশে জ্বালানি ও প্রযুক্তি খাতে বিনিয়োগ, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং যৌথ গবেষণার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে আলোচনা করেছে বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) ও চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) একাডেমি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার গুলশানে বিসিসিসিআই কার্যালয়ে সিসিপিআইটি একাডেমির প্রেসিডেন্ট ঝাও পিংয়ের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সংগঠনটির নেতাদের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। শুরুতে প্রতিনিধিদলকে স্বাগত জানান বিসিসিসিআইয়ের মহাসচিব জামিলুর রহমান।
বৈঠকে ঝাও পিং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বড় ভোক্তা বাজার, জনমিতিক সম্ভাবনা ও ব্যবসায়িক পরিবেশের প্রশংসা করেন। দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে গবেষণায় বিসিসিসিআইয়ের অংশগ্রহণের সম্ভাবনাকেও স্বাগত জানান তিনি। এ সময় চীনের নীতি ও ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে সিসিপিআইটি একাডেমির প্রশিক্ষণ কর্মসূচি নিয়েও আলোচনা হয়।
আলোচনায় জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা বিশেষ গুরুত্ব পায়। জ্বালানিসংকট মোকাবিলায় এলপিজি সংরক্ষণাগার নির্মাণ, ব্যাটারি প্রযুক্তি এবং সৌরবিদ্যুৎ খাতে চীনা বিনিয়োগের বিষয়ে মতবিনিময় করেন দুই পক্ষের প্রতিনিধিরা। পাশাপাশি প্রদর্শনী শিল্পের উন্নয়ন, গবেষণা এবং জ্ঞান বিনিময়কে সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়।
চট্টগ্রামের প্রদর্শনীকেন্দ্রের অবকাঠামো ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, বৈদ্যুতিক যানবাহন, সৌরশক্তি ও খাদ্যপণ্য নিয়ে বিশেষায়িত প্রদর্শনীর আয়োজন এবং বিভিন্ন খাতে যৌথ গবেষণার প্রস্তাবও আলোচনায় উঠে আসে।
বিসিসিসিআইয়ের নির্বাহী পরিচালক মো. আবু তাহের দুই প্রতিষ্ঠানের এক দশকের সম্পর্কের কথা উল্লেখ করে চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্য প্রদর্শনী ও প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশের ব্যবসায়ীদের অংশগ্রহণের সুযোগ বাড়াতে সিসিপিআইটির সহযোগিতা কামনা করেন।
বৈঠকে বিসিসিসিআইয়ের সহসভাপতি খন্দকার আতিকুর রহমান ও মাসুদ আলী খান, উপদেষ্টা মো. ফয়জুল আলম এবং পরিচালক ড. মো. রাকিবুল হক উপস্থিত ছিলেন।
দুই দেশের মধ্যে যৌথ গবেষণা, প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ এবং প্রদর্শনী শিল্পের বিকাশের মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে বৈঠকে আশাবাদ প্রকাশ করা হয়।
ক্যান্সারে আক্রান্ত পোপ লিও, ডান ফুসফুসে অস্ত্রোপচার
সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে হামলা