রাজধানীতে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৫৩০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে ৪২টি মামলা দায়েরের পাশাপাশি ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান।
অভিযানে ৬ হাজার ২২০ পিস ইয়াবা, ৯ কেজি গাঁজা, ৪ গ্রাম হেরোইন ও দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিস্ফোরিত ককটেলের টুকরা ও পেরেক, ১৪টি মোবাইল ফোন এবং নগদ ১৬ হাজার ২৮০ টাকা জব্দ করা হয়। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগে, ১৭৫ জন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৬৬, তেজগাঁওয়ে ৬৩, মতিঝিলে ৫৯, লালবাগে ৫৬, উত্তরায় ৪৫, গুলশানে ৩৬ এবং রমনা বিভাগে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
মধ্যরাতে রাজধানীতে যৌথ বাহিনীর অভিযান, গ্রেপ্তার ৩৪৪