স্কুলে শিক্ষক দম্পতির মারামারির ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেলো

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ পিএম

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষকদের আচরণ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মারামারিতে জড়িত দুজন হলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগম। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। পারিবারিক বিরোধের জের ধরে প্রায় ১০ থেকে ১২ দিন আগে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুলবাড়ীয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। 

প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, আফজাল হোসেন ও আসমা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছে। তারা প্রায় ১৪ বছর ধরে আলাদা বসবাস করছেন এবং তাদের মধ্যে আদালতে মামলাও চলমান রয়েছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

প্রধান শিক্ষক আফজাল হোসেনের ভাষ্য, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে, যা মাঝেমধ্যে বিদ্যালয় পর্যন্ত গড়ায়। ঘটনার দিনও সেই বিরোধের জের ধরে মারামারি হয় বলে তিনি জানিয়েছেন। তবে এ বিষয়ে সহকারী শিক্ষক আসমা বেগমের বক্তব্য পাওয়া যায়নি বলে কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে ঘটনার বিষয়ে তার বক্তব্য ও ব্যাখ্যা জানা সম্ভব হয়নি।

ফুলবাড়ীয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি তাদের নজরে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন তিনি। বিদ্যালয়ে শিক্ষকদের এমন আচরণ কাম্য নয় বলেও মন্তব্য করেছেন ওই কর্মকর্তা।

জেএম
আরও পড়ুন