প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার আশ্বাসে টানা ছয় দিন বন্ধ থাকার পর বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) থেকে সড়কটির দুই প্রান্ত থেকে দুটি করে মোট চারটি বাস চলাচল করছে।
বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, বিপুল অঙ্কের চাঁদা পরিশোধ না করা পর্যন্ত বাস চালানো যাবে না বলে একটি সশস্ত্র গোষ্ঠী নির্দেশ দিয়েছিল। এ হুমকির পরিপ্রেক্ষিতে গত ৮ অক্টোবর থেকে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহনশ্রমিকেরা।
মঙ্গলবার স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর নিরাপত্তার আশ্বাস পেয়ে বাস চালানোর সিদ্ধান্ত নেন পরিবহনশ্রমিকেরা।
বান্দরবান-থানচি-রুমা-রোয়াংছড়ি যাত্রীবাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বলেন, প্রশাসনের নিরাপত্তার আশ্বাস এবং পর্যটকদের স্বার্থ বিবেচনায় নিয়ে তাঁরা অনেকটা ঝুঁকি সত্ত্বেও থানচি সড়কে বাস চালাতে সম্মত হয়েছেন।
তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন কর্তৃপক্ষের সঙ্গে বাস মালিক সমিতি ও পরিবহনকর্মীদের বৈঠক হয়েছে। সেখানে বান্দরবান-থানচি সড়কের ওয়াই জংশন পয়েন্ট থেকে নীলগিরি পর্যটনকেন্দ্র পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এসকর্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, জনভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ প্রশাসনের সার্বিক নিরাপত্তার মাধ্যমে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু হয়েছে।
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩০