মেয়াদ বাড়ছে না রাকসুর: পরবর্তী নির্বাচন নিয়ে ধোঁয়াশা

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০ এএম

দীর্ঘ ৩৫ বছরের বিরতি কাটিয়ে ফিরে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) বর্তমান কমিটির মেয়াদ সোমবার (২৬ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। তবে নির্ধারিত সময় পার হতে চললেও পরবর্তী নির্বাচন আয়োজন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ বা আলোচনা দেখা যায়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গঠনতন্ত্রে অতিরিক্ত মেয়াদ বাড়ানোর কোনো সুযোগ না থাকায় রাকসুর বর্তমান কমিটির মেয়াদ আজই শেষ হচ্ছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মেয়াদ তিন মাস বাড়ানো হলেও রাকসুর ক্ষেত্রে সে নিয়ম প্রযোজ্য হচ্ছে না বলে নিশ্চিত করেছেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম জানান, নিয়ম অনুযায়ীই আজ সংসদের কার্যকাল শেষ হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমেই পরবর্তী নির্বাচনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, দীর্ঘ সাড়ে তিন দশক পর গত বছরের ১৬ অক্টোবর রাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৩টি পদের মধ্যে 'সম্মিলিত শিক্ষার্থী জোট' ভিপি ও এজিএসসহ ২০টি পদে জয়লাভ করে। বিজয়ী প্রার্থীরা গত বছরের ২৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

১৯৫৭ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই ছাত্র সংসদটি সামরিক শাসনের কারণে কিছুদিন স্থগিত থাকার পর ১৯৬২ সালে পুনর্নামকরণ লাভ করে। ১৯৮৯ সাল পর্যন্ত মোট ১৪টি নির্বাচন অনুষ্ঠিত হলেও এরপর দীর্ঘ ৩৫ বছর ধরে এর কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল।

নতুন নির্বাচনের কোনো স্পষ্ট ঘোষণা না থাকায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাকসু কোনো অনুগ্রহ নয় বরং তাদের মৌলিক অধিকার, আর তা আদায়ে প্রয়োজনে তারা রাজপথে নামতেও প্রস্তুত।

অন্যদিকে, মেয়াদ শেষ হলেও নতুন সংসদের পথ সুগম করতে গঠনতন্ত্র সংস্কারসহ প্রয়োজনীয় উদ্যোগ নিতে কাজ চলছে বলে জানিয়েছেন সাবেক রাকসু নেতৃবৃন্দ। তবে পরবর্তী নির্বাচন নিয়ে উপাচার্যের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তার কোনো কার্যকর পদক্ষেপে না দেখে শঙ্কা প্রকাশ করেছেন ছাত্রপ্রতিনিধিরা।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত