ব্রাজিলের নির্বাচন ‘কারচুপিপূর্ণ’ ও ‘দুর্নীতিগ্রস্ত’: ট্রাম্প

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পিএম

ব্রাজিলের সদ্যসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনটিকে ‘কারচুপিপূর্ণ’ ও ‘দুর্নীতিগ্রস্ত’ বলে মন্তব্য করেছেন তিনি। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন, এ নির্বাচনে কোনো পক্ষকে সমর্থন করেননি।

সোমবার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের করিন্থে রিপাবলিকান পার্টির একটি নির্বাচনী সমাবেশে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ট্রাম্প। মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চান, ব্রাজিলের সদ্যসমাপ্ত নির্বাচনকে তিনি সুষ্ঠু মনে করেন কি না।

জবাবে ট্রাম্প বলেন, নির্বাচনটি তাঁর কাছে অত্যন্ত খারাপ ও ভয়াবহ মনে হয়েছে। তাঁর ভাষায়, এটি আরেকটি কারচুপিপূর্ণ নির্বাচনের মতো ছিল।

ট্রাম্পের দাবি, নির্বাচন হওয়া উচিত বিতর্কের ঊর্ধ্বে। ব্রাজিলের নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে নেতিবাচক ভাবমূর্তি তুলে ধরেছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন পরিচালনার প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ফলাফল ঘোষণার ধরন তাঁর কাছে অদ্ভুত মনে হয়েছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে লুইজ ইনাসিও লুলা দা সিলভা ৫১ দশমিক ৭৯ শতাংশ বৈধ ভোট পেয়ে জয়ী হন। তিনি ৬ কোটি ৪০ লাখের বেশি ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী সিনেটর ফ্লাভিও বলসোনারো পান ৪৮ দশমিক ২১ শতাংশ ভোট। এ জয়ের মধ্য দিয়ে লুলা ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে চতুর্থ মেয়াদে নির্বাচিত হন।

লুলা দা সিলভাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ব্রাজিলের নন। লুলার সঙ্গে তাঁর সম্পর্কও ভালো বলে দাবি করেন তিনি। তবে নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে নিজের অসন্তোষ পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: এএফপি, আনাদোলু এজেন্সি

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত