যুক্তরাষ্ট্রের পারমাণবিক গবেষণাগারে আগুন, তেজস্ক্রিয়তা ছড়ানোর শঙ্কা

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পিএম

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে গুরুত্বপূর্ণ একটি পারমাণবিক গবেষণাগারে আগুন লাগার ঘটনায় আশপাশের এলাকায় তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, স্থাপনার বাইরে তেজস্ক্রিয় কোনো দূষক শনাক্ত করা যায়নি। এ ঘটনায় একজন সামান্য আহত হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৯ মিনিটে অগাস্টা শহরের দক্ষিণ-পূর্বে অবস্থিত সাভানাহ রিভার সাইটের সাভানাহ রিভার ন্যাশনাল ল্যাবরেটরিতে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়। পরে রাত ৯টা ৪৫ মিনিটে জরুরি অবস্থা তুলে নেওয়া হয়। অগ্নিনির্বাপণ কার্যক্রমও শেষ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আগুন লাগার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গবেষণাগারের কর্মীদের দ্রুত সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়। একই সঙ্গে ওই এলাকার আকাশপথ, রেলপথ ও নদীপথে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। এর আগে বুধবার স্থানীয় বাসিন্দাদের সম্ভাব্য করণীয় সম্পর্কে জানতে স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসরণ করার পরামর্শ দিয়েছিলেন কর্মকর্তারা।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। আগুনের ঘটনায় স্থাপনার বাইরে তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে পড়েছে, এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সাভানাহ রিভার সাইট যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভান্ডার রক্ষণাবেক্ষণ এবং পারমাণবিক অস্ত্রের জন্য ট্রিটিয়াম উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৫০-এর দশকে প্রতিষ্ঠিত এই স্থাপনায় ট্রিটিয়াম ও পারমাণবিক জ্বালানি উৎপাদনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রে ব্যবহৃত ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম সংরক্ষণ করা হয়।

স্থাপনাটিতে একটি জাতীয় গবেষণাগার ও একটি প্রতিরক্ষা কমপ্লেক্স রয়েছে। গবেষণাগারটি পরিচালনা করে ব্যাটেল সাভানাহ রিভার অ্যালায়েন্স এবং প্রতিরক্ষা স্থাপনাটি পরিচালনার দায়িত্বে রয়েছে সাভানাহ রিভার নিউক্লিয়ার সলিউশনস। পুরো স্থাপনাটি যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ এবং জাতীয় পারমাণবিক নিরাপত্তা প্রশাসনের তত্ত্বাবধানের আওতায় রয়েছে।

যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের উৎপাদন সক্ষমতা পুনরায় ব্যাপক আকারে গড়ে তোলার সরকারি উদ্যোগেও সাভানাহ রিভার সাইট গুরুত্বপূর্ণ। সম্প্রতি সেখানে পারমাণবিক অস্ত্রের জন্য প্লুটোনিয়াম পিট তৈরির একটি বড় স্থাপনার পূর্ণাঙ্গ নির্মাণকাজ শুরুর অনুমোদন দিয়েছে জাতীয় পারমাণবিক নিরাপত্তা প্রশাসন। বাণিজ্যবিষয়ক প্রকাশনা এক্সচেঞ্জ মনিটরের তথ্য অনুযায়ী, প্রকল্পটির সম্ভাব্য ব্যয় প্রায় ২৩ দশমিক ৫ বিলিয়ন ডলার। যেখানে আগুন লেগেছে, সেই গবেষণাগার অংশটি মূলত এ ধরনের পারমাণবিক প্রযুক্তি নিয়ে গবেষণায় মনোযোগ দেয়। সূত্র: প্রেস টিভি

এএস
আরও পড়ুন